জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে একটি বন্যহাতি গুরুতর আহত হয়েছে। আহত হাতিটিকে বন বিভাগের উদ্যোগে প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে টেকনাফ রেঞ্জের সদর বনবিটের শিয়াল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশীদ জানান, হাতিটি প্রায় ১০০ থেকে ১৫০ ফুট উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায়। এত উঁচু থেকে পড়ে যাওয়ায় হাতিটির পেট ও পায়ে গুরুতর আঘাত লেগেছে।
তিনি আরও জানান, বন বিভাগের কর্মী ও সিপিজি সদস্যরা আহত হাতিটির সার্বক্ষণিক দেখভাল করছেন। বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানানো হয়েছে। আহত মাদি হাতিটির চিকিৎসার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।
এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় আহত বন্যহাতিটিকে উন্নত চিকিৎসা ও সর্বোচ্চ পরিচর্যার মাধ্যমে সুস্থ করে তুলতে বন বিভাগের সদস্যরা কাজ করছেন।
