সিবিএন ডেস্ক;
কক্সবাজারে একটি প্রিজন ভ্যানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভ্যানটির চালক মো. ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে শহরের হোটেল-মোটেল জোন এলাকার সাংস্কৃতিক কেন্দ্রসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবার চালানটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, টেকনাফ থেকে একটি প্রিজন ভ্যানে করে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজারে আনা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার একটি দল হোটেল-মোটেল জোন এলাকায় চেকপোস্ট স্থাপন করে। পরে সন্দেহভাজন প্রিজন ভ্যানটি থামিয়ে তল্লাশি চালানো হলে বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই ইয়াবা পরিবহনের অভিযোগে চালক মো. ফয়সালকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফয়সাল টেকনাফ উপজেলার নয়াপাড়া এলাকার মৃত জহির আহমদের ছেলে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল জানিয়েছেন, তিনি টেকনাফের গফুর নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবার চালানটি সংগ্রহ করেছিলেন। এগুলো কক্সবাজার শহরের এক নারীর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। চালানটি নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে পারলে তিনি পারিশ্রমিক হিসেবে ১৫ হাজার টাকা পেতেন বলেও জানিয়েছেন।
এ ঘটনায় টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত একাধিক নিরাপত্তা তল্লাশি চৌকি অতিক্রম করে কীভাবে একটি প্রিজন ভ্যানে ইয়াবা পরিবহন করা সম্ভব হলো, তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তি এবং ইয়াবা পাচারকারী চক্রকে শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
