এআর আরিফ, সিবিএন;

টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়া পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজল।

শনিবার (১১ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত তিনি সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি মানবিক সহায়তা বিতরণ করেন।

পরিদর্শনকালে তিনি রামু উপজেলার মিঠাছড়ি ও রাজারকুল, ঈদগাঁও উপজেলার বংকিম বাজার, মাইচপাড়া ও ঈদগাঁও বাজার এবং সদর উপজেলার চৌফলদণ্ডীসহ বিভিন্ন ইউনিয়নের নদীভাঙন ও বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় জরুরি সহায়তা বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে এমপি লুৎফুর রহমান কাজল বলেন, “সরকার সার্বক্ষণিক দুর্গত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছে। আমরা সবসময়ই মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। পানিবন্দি ও অসহায় মানুষের জন্য যা যা প্রয়োজন, তা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার নির্বাচনী এলাকার প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছি। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় দলীয় সর্বস্তরের নেতাকর্মীদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানাই।”

মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে দুর্গত এলাকার অসহায় পরিবারের মধ্যে চাল, ডাল, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, আর্থিক সহায়তা এবং অন্যান্য জরুরি সামগ্রী বিতরণ করা হয়।

পরে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন, দুর্ভোগের কথা শোনেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।