জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ সূত্র জানায়, শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, জাদীমুরা বাজার থেকে টেকনাফের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ইয়াবার চালান আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরইতলী এলাকার পাকা সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে।

বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে জাদীমুরা বাজারের দিক থেকে আসা সন্দেহভাজন সিএনজিটিকে থামানোর সংকেত দেওয়া হলে চালক মো. মুবারককে আটক করা হয়। তিনি জাদীমুরা জিনজিরা এলাকার ছৈয়দ আলী ও ছেনুয়ারা বেগমের ছেলে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

র‌্যাব-১৫-এর মিডিয়া বিভাগের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটক মুবারকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।