নাছির উদ্দিন সোহেল, মহেশখালী;

টানা বর্ষণে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তার পাশাপাশি জরুরি চিকিৎসাসেবাও পৌঁছে দিয়েছে মহেশখালী উপজেলা প্রশাসন।

শনিবার (১০ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিমের নেতৃত্বে মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ মগডেইল বিলপাড়া, ষাইটপাড়া, নয়াপাড়া, পশ্চিম তিতা মাঝিরপাড়া (বিলপাড়া) ও রাজঘাট বিলপাড়া এলাকার পানিবন্দি পরিবারগুলো পরিদর্শন করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের মাঝে ২০০ প্যাকেট খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

দুর্যোগজনিত স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ইউএনওর সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আরমান কাদের দুর্গত এলাকায় উপস্থিত থেকে অসুস্থ, শিশু, বয়স্ক ও চিকিৎসাপ্রত্যাশী ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করেন। চিকিৎসকদের এ মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি হয়েছে।

পরিদর্শনকালে ইউএনও ইমরান মাহমুদ ডালিম ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের প্রয়োজন ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন এবং আশ্বস্ত করেন যে, দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন সবসময় মানুষের পাশে রয়েছে।

ইউএনও ইমরান মাহমুদ ডালিম বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবাসহ সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগকালীন সময়ে মানুষের জীবন ও জীবিকার সুরক্ষায় খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় অন্যান্য সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।