এআর আরিফ, সিবিএন;
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত সদর ও রামু উপজেলার মানুষের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজল।
সাম্প্রতিক এই প্রাকৃতিক দুর্যোগে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় প্রাণহানির পাশাপাশি অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে তিনি সদর ও রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, তাঁদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
পরিদর্শনকালে তিনি দেখতে পান, অনেক ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। এতে অসংখ্য পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।
এ সময় এমপি লুৎফুর রহমান কাজল বলেন, “কয়েক দিনের টানা বৃষ্টির সময় আমি কক্সবাজারের বাইরে ছিলাম। খবর পেয়ে দ্রুত এলাকায় এসে মানুষের খোঁজখবর নিচ্ছি। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।”
তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
