এম. মনছুর আলম, চকরিয়া :

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে মো. ওয়াকিম (আড়াই) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওয়াকিম ওই গ্রামের সুলতান আহমদের ছেলে।

কাকারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় এলাকাবাসী জানান, গত তিন দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কাকারাসহ চকরিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে বন্যার পানি বসতঘরে প্রবেশ করতে শুরু করে। সুলতান আহমদের বাড়িতেও পানি ঢুকে পড়লে পরিবারের সদস্যরা খাটের ওপর আশ্রয় নেন।

সকাল ১১টার দিকে পরিবারের সদস্যরা খাবার খাওয়ার সময় শিশুটিকেও তার মা খাবার খাইয়ে দেন। একপর্যায়ে সবার অগোচরে ওয়াকিম খাট থেকে পানিতে পড়ে যায়। বিষয়টি কেউ টের না পেলেও কিছুক্ষণ পর পানিতে ভাসতে দেখে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে এবং পরে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা সুলতান আহমদ বলেন, “সকালে আমরা সবাই খাটের ওপর বসে খাবার খাচ্ছিলাম। ওয়াকিমকেও তার মা খাইয়ে দেন। এরপর কখন যে সে খাট থেকে পানিতে পড়ে যায়, আমরা কেউ বুঝতে পারিনি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানিতে ভাসতে দেখি। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।”

এদিকে বন্যার পানিতে শিশুর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীদ দেলোয়ার। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহত শিশুর পরিবারের জন্য খাদ্যসামগ্রী ও নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে, কাকারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।