এম. মনছুর আলম, চকরিয়া :

নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে ভাতিজার ছুরিকাঘাতে মোহাম্মদ হাসেম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ জুলাই দুপুর ২টার দিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হাসেমের সঙ্গে তার ভাতিজাদের পারিবারিক বিরোধের জেরে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ভাতিজা মোহাম্মদ সোহেল ও তার বড় ভাই মোহাম্মদ রাসেল ক্ষিপ্ত হয়ে হাসেমের ওপর হামলা চালান। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করলে গুরুতর জখম হন তিনি।

স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে টানা তিন দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।