সিবিএন ডেস্ক;

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে এক নারী ও তার পাঁচ বছর বয়সী ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় তাদের অপর এক ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকে পলাতক।

বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— অভিযুক্ত এহেতাসামুল হকের স্ত্রী শহীদ নুর ওরফে সুফিয়া (৩০) এবং তাদের ছোট ছেলে মোহাম্মদ শামীম (৫)। গুরুতর আহত বড় ছেলে মোহাম্মদ আফছার ওরফে বাপ্পী (১৪) কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুতুপালং ক্যাম্পের মাঝি মোহাম্মদ হুসাইন জানান, পারিবারিক কলহের জেরে বুধবার রাতে এহেতাসামুল হকের সঙ্গে তার স্ত্রী সুফিয়ার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি ধারালো দা দিয়ে স্ত্রী ও দুই ছেলের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই সুফিয়া ও ছোট ছেলে শামীম নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত আফছারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।