চকরিয়া প্রতিনিধি:
টানা চার দিনের ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার মধ্যে কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে ঘুমন্ত অবস্থায় চাচাতো-জেঠাতো দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহছেনিয়াকাটা পাহাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রুমি আক্তার (১৫), তিনি মো. কাজলের মেয়ে এবং বরইতলী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অপরজন মোহাম্মদ তৌসিফ (১০), তিনি আবদুল মজিদের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই-বোন।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান বলেন, টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে গত দুই দিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত রয়েছে। বৃহস্পতিবার ভোররাতে অতিবৃষ্টির কারণে পাহাড়ধসে ঘরের ওপর মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন দেলোয়ার বলেন, “পাহাড়ধসে দুই শিশুর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। গত পাঁচ দিন ধরে সম্ভাব্য পাহাড়ধস ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করে সতর্ক করা হয়েছিল। নিহতদের পরিচয় সংগ্রহ করে জেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় তথ্য পাঠানো হয়েছে।”
