জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজার র‍্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে র‍্যাব-১৫, কক্সবাজার এবং র‍্যাব-৯, সিলেট সদর কোম্পানির যৌথ অভিযানে সিলেটের কোতোয়ালি থানার শাহী ঈদগাহ এলাকার বিসমিল্লাহ পয়েন্টের গ্রামবাংলা টি-স্টল থেকে হত্যা মামলার পলাতক আসামি আক্তার কামালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আক্তার কামাল কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালারপাড়া গ্রামের হামজা আলীর ছেলে।

র‍্যাব জানায়, তিনি রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সৈয়দ হোসেন হত্যা মামলার প্রধান আসামি। অভিযোগ রয়েছে, গত ২৫ জুন ভোরে তার নেতৃত্বে সৈয়দ হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রামু থানায় আক্তার কামালকে ১ নম্বর আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান। পরে প্রযুক্তিনির্ভর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, একই দিন রাত ১১টা ২০ মিনিটে র‍্যাব-১৫, কক্সবাজার এবং র‍্যাব-৭-এর যৌথ অভিযানে ফেনী সদর উপজেলার মহিপাল বাস কাউন্টার এলাকা থেকে কক্সবাজার সদর থানার দক্ষিণ পাহাড়তলী এলাকার রবিউল হাসানকে গ্রেপ্তার করা হয়।

রবিউল হাসান দক্ষিণ পাহাড়তলীর ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকার নজির আহমদের ছেলে। তিনি মোহাম্মদ আলী হত্যা মামলার অন্যতম আসামি।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গত ৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রবিউলের নেতৃত্বে দক্ষিণ পাহাড়তলীর মৌলভীপাড়া এলাকায় মোহাম্মদ আলীকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পর তিনি আত্মগোপনে চলে গেলেও র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হন।

র‍্যাব-১৫-এর মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “র‍্যাব দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের আইনের আওতায় আনা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”