সিবিএন ডেস্ক;
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকের একটি মাদ্রাসায় পাহাড়ধসের ঘটনায় এক রোহিঙ্গা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় মাদ্রাসায় ক্লাস চলছিল বলে জানা গেছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হঠাৎ পাহাড়ধসে মাদ্রাসাটি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়ধসের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই হতাহতের সংখ্যা বাড়তে পারে।
