নাছির উদ্দিন সোহেল, মহেশখালী

মহেশখালী পৌরসভার ঘোনাপাড়া এলাকায় টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া প্রায় ৫০০ পরিবারের মাঝে রান্না করা রাতের খাবার বিতরণ করেছে স্থানীয় খাদ্য পরিবেশনকারী প্রতিষ্ঠান ফয়সাল’স ডাইন।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে প্রতিষ্ঠানটির উদ্যোগে পানিবন্দি পরিবারগুলোর হাতে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হয়। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

খাবার বিতরণ কার্যক্রমে স্থানীয় স্বেচ্ছাসেবক ও ফয়সাল’স ডাইনের প্রতিনিধিরা অংশ নেন। তারা সুশৃঙ্খলভাবে পানিবন্দি পরিবারের সদস্যদের হাতে খাবার তুলে দেন। এ সময় স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ঘোনাপাড়াসহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক পরিবারের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় তারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ফলে খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার সংকট দেখা দিয়েছে।

ফয়সাল’স ডাইনের কর্তৃপক্ষ জানায়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মোহাম্মদ ডালিম বলেন, “পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের ক্ষয়ক্ষতির পরিস্থিতি আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি। ভারী বর্ষণের কারণে কোথাও কোথাও পানি জমে রয়েছে, আবার কিছু এলাকা থেকে ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও পৌরসভা কাজ করছে।”

দুর্যোগের এ সময়ে ফয়সাল’স ডাইনের এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের কাছে শুধু একবেলার খাবার বিতরণ নয়, বরং বিপদের দিনে মানুষের পাশে থাকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।