নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহাব উদ্দিন (৩৬) নামে এক টমটম (ইজিবাইক) চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে উপজেলার বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুনঘোনা এলাকার ওয়াপদার নাশি এলাকায় একটি টমটম গ্যারেজে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দিন ওই এলাকার আবুল কাসেমের ছেলে।

বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে সাহাব উদ্দিন গ্যারেজে টমটম চার্জ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বদরখালী ইউনিয়নের প্রশাসক মো. শাহীন দেলোয়ার বলেন, “বদরখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক টমটমচালকের মৃত্যুর বিষয়টি জেনেছি। এটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। নিহতের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।”