এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া:

উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও পান্না আক্তার। প্রস্তুত রয়েছে ৪৫টি সাইক্লোন শেল্টার।

মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার হলদিয়াপালং ও জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি পানি প্রবাহের অন্যতম মাধ্যম রেজু খাল পরিদর্শন করেন। ইতোমধ্যে দুই ইউনিয়নের জলাবদ্ধতা অনেকটাই কমে গেছে।

পরিদর্শনকালে উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এটিএম কাউছার উদ্দিন, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম, উপজেলা বিএনপির নেতা এস এম জসিম উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ইউএনও পান্না আক্তার জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন। তিনি স্থানীয় জনগণের জন্য প্রস্তুত রাখা আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থার খোঁজ নেন এবং দুর্যোগ ও ঘূর্ণিঝড় মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন।