এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া:

টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের জামবাগান এলাকায় বসতঘরের মাটির দেয়াল ধসে আব্দুল মালেক (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ৩টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামবাগান এলাকায় মো. এখলাসের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে খাবার খাওয়ার সময় অতিবৃষ্টির কারণে ঘরের মাটির দেয়াল হঠাৎ ধসে পড়ে। এতে আব্দুল মালেক দেয়ালচাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল মালেকের পিতা ছৈয়দুর রহমান। তার বাড়ি পাশের পশ্চিম হলদিয়া গ্রামে। তবে তিনি জামবাগান এলাকায় শ্বশুরবাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।

হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানান, আব্দুল মালেক জামবাগান এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। ঘটনার সময় তিনি ঘরের ভেতরে দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় টানা ভারী বর্ষণের কারণে মাটির দেয়াল ধসে পড়ে তিনি চাপা পড়েন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হলদিয়াপালং ইউনিয়নে ঘরের দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।