এম. মনছুর আলম, চকরিয়া :

দুর্নীতি প্রতিরোধ ও চিকিৎসাসেবার মানোন্নয়নে মাঠপর্যায়ের হাসপাতালগুলোতে নিয়মিত আকস্মিক পরিদর্শন জোরদারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

শুক্রবার (২৬ জুন) দুপুরে স্বাস্থ্য সচিব হাসপাতাল পরিদর্শনে এলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীনের নেতৃত্বে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

এ সময় স্বাস্থ্য সচিবের একান্ত সচিব নাজমুস সাকিব, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি, স্বাস্থ্য অধিদপ্তরের (আইএসও) প্রকল্প পরিচালক ডা. বিপাশ খীসা, কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. টিটু চন্দ্র শীল, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা (এনজিও) ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য সচিব হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তর্বিভাগ, ডেলিভারি কক্ষ, অপারেশন থিয়েটার, প্রশাসনিক অফিস, রান্নাঘর, স্টোররুম, হাম আইসোলেশন কর্নার, ইপিআই কোল্ড চেইন রুম, ইপিআই স্টোর এবং হাসপাতাল প্রাঙ্গণসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।

এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, রোগী ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম ও সামগ্রিক মান নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

স্বাস্থ্য সচিব বলেন, পর্যাপ্ত জনবল নিয়োগের মাধ্যমে চকরিয়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল হাসপাতাল হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, “নিজেদের সুস্থতার জন্য এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের পরিদর্শন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।