টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকায় সেতু থেকে একটি যাত্রীবাহী বাস নিচে পড়ে গেলে তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে নারী ও শিশুসহ আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার শেষে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী পয়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস দমদমিয়া নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। বাসটিতে প্রায় ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর নারী ও শিশুসহ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন এবং বেশ কয়েকজন আহত হন।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন।
কোস্ট গার্ডের তাৎক্ষণিক তৎপরতা এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোর সমন্বিত প্রচেষ্টায় বাসের ভেতরে আটকে থাকা সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের মেডিকেল টিম আহতদের জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দুর্ঘটনাসহ যেকোনো মানবিক সংকটে মানুষের পাশে থেকে দ্রুত উদ্ধার ও জরুরি সহায়তা দিতে কোস্ট গার্ড সবসময় প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
