এম. মনছুর আলম, চকরিয়া:
শিশুদের অপুষ্টিমুক্ত ও সুস্থ-সবল ভবিষ্যৎ নিশ্চিত করতে আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিসকাত উদ্দীন আহমদ, জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) ডা. মো. মামুন অর রশিদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক খাইরুল আনাম এবং সাংবাদিক এম. মনছুর আলম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবদুল মোমেন। তিনি বলেন, শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টি প্রতিরোধে ভিটামিন-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি শিশুর জন্য ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. শামীমা সোলতানা, সিনিয়র কনসালট্যান্ট ডা. সুজন ত্রিপুরা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, শিক্ষকসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, আগামী ২৮ জুন সারা দেশে একযোগে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলার প্রতিটি সাব-সেন্টার ও নির্ধারিত কেন্দ্রে শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি বলেন, “একটি সুস্থ শিশু মানেই একটি সমৃদ্ধ আগামী। তাই কোনো শিশুই যেন ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় উপজেলার প্রতিটি শিশু এ কর্মসূচির সুফল ভোগ করবে। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে গণমাধ্যমকর্মী, ইমাম-খতিব, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।
