টেকনাফ প্রতিনিধি
কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে চারজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে টেকনাফের দমদমিয়া এলাকায় কেয়ারীঘাট সংলগ্ন একটি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা মিনিবাসটি একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। তবে চারজন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরের দুই রোহিঙ্গা এবং টেকনাফের দমদমিয়া এলাকার দুই বাসিন্দা রয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জামিম মিয়া জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি পায়রা সার্ভিসের একটি মিনিবাস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।
স্থানীয় বাসিন্দা মো. আয়ুব বলেন, মিনিবাসটি অতিরিক্ত গতিতে চলছিল। চালক নিয়ন্ত্রণ হারানোর পর সেটি সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
