আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিভিন্ন এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২২ জুন) সদর বাজার ও রেস্ট হাউস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং মূল্যতালিকা হালনাগাদ না রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডিত প্রতিষ্ঠানটি হলো সাহারা স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ বেলাল।
নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু জানান, সাম্প্রতিক সময়ে ডিলার পর্যায়ে এলপিজি গ্যাসের দাম কমলেও খুচরা বাজারে সিলিন্ডারের মূল্য অপরিবর্তিত থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এবং থানা পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত মূল্য মেনে চলা, মূল্যতালিকা প্রদর্শন এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, বাজার তদারকিসহ এ ধরনের অভিযান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
