ডেস্ক নিউজ, সিবিএন

কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর একটি অভিযানে ৫৯৫ পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোনকে আটক করা হয়েছে।

রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া উপজেলার একটি যৌথ বাহিনীর চেকপোস্টে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন বান্দরবানের আলীকদম উপজেলার পালংপাড়া এলাকার মো. মুফিজুল ইসলামের ছেলে মো. ইলিয়াস (২৪) এবং তার তিন বোন তাসলিমা আক্তার (২৩), তাহমিনা আক্তার (২০) ও সাকিলা আক্তার লাখী (১৯)। তারা সবাই সহোদর ভাই-বোন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি সিএনজিচালিত অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে ৫৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক বহনের অভিযোগে চারজনকে আটক করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবা ও আটক চারজনকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, “যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে যৌথ বাহিনীর নিয়মিত তৎপরতা ইতিবাচক ভূমিকা রাখছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।