নাছির উদ্দিন সোহেল, মহেশখালী

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাগো ফাউন্ডেশনের যুব শাখা ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD)’-এর মহেশখালী উপজেলা শাখার নতুন বোর্ড গঠন করা হয়েছে। অনলাইন ভোটিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট পদে নুরুল বশর এবং সেক্রেটারি পদে রাসেল মোহাম্মদ নির্বাচিত হয়েছেন।

রোববার (২১ জুন) সংগঠনের সদস্যদের ভোটে অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবনির্বাচিত বোর্ডের অন্যান্য পদে প্রজেক্ট সেক্রেটারি হিসেবে সামিয়া আলম রিহাব, ফিন্যান্স সেক্রেটারি হিসেবে আরফাত আহমেদ নয়ন এবং হিউম্যান রিসোর্স সেক্রেটারি হিসেবে আব্দুল আজিজ নির্বাচিত হয়েছেন।

সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং তরুণ নেতৃত্ব বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে আসা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাগো ফাউন্ডেশনের যুব প্ল্যাটফর্ম ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ ২০১১ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি দেশের বিভিন্ন অঞ্চলে তরুণদের সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে।

সংগঠন সূত্রে জানা যায়, মহেশখালী উপজেলার তরুণ ও যুবসমাজকে আরও সংগঠিত করা, তাদের নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি করা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করার লক্ষ্যেই এ নতুন বোর্ড গঠন করা হয়েছে।

নবনির্বাচিত প্রেসিডেন্ট নুরুল বশর দায়িত্ব গ্রহণের পর সংগঠনের সদস্য ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ভলান্টিয়ার ফর বাংলাদেশের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে মহেশখালীর তরুণদের সঙ্গে নিয়ে শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তরুণদের ইতিবাচক পরিবর্তনের শক্তিতে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।”

নবনির্বাচিত সেক্রেটারি রাসেল মোহাম্মদ বলেন, “সমাজের কল্যাণে তরুণদের অংশগ্রহণ আরও বাড়ানো এবং তাদের সেবামূলক কাজে সম্পৃক্ত করতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। যুবশক্তিকে কাজে লাগিয়ে একটি সচেতন ও মানবিক সমাজ গঠনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

জেলা প্রেসিডেন্ট আশরাফুল ছিদ্দিক নাহিদ নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, “নতুন বোর্ডের মাধ্যমে মহেশখালীতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় পর্যায়ে তরুণদের সম্পৃক্ততা ও সামাজিক উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে আমরা আশা করছি।”