নাছির উদ্দিন সোহেল, কক্সবাজার ;

কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় এক নারী যাত্রীর ল্যাপটপ ব্যাগ থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় জেসমিন আক্তার নামে এক নারীকে আটক করা হয়েছে।

রোববার (২১ জুন) কক্সবাজার বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ঢাকাগামী ফ্লাইট (VQ-922)-এ ভ্রমণের উদ্দেশ্যে ওই নারী যাত্রী বোর্ডিং পাস সংগ্রহ করেন। পরে নিয়মিত নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে তার হোল্ড লাগেজ স্ক্যানিং করা হলে নিরাপত্তাকর্মীদের কাছে তার আচরণ সন্দেহজনক মনে হয়। এরপর ব্যাগটি বিস্তারিতভাবে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে যাত্রীর ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করে লুকিয়ে রাখা ইয়াবার চালান শনাক্ত করা হয়। পরে ব্যাগটি খুলে গণনা করে মোট ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক জেসমিন আক্তার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য উল্লেখযোগ্য। এ ঘটনায় কোনো সংঘবদ্ধ মাদক পাচার চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক নারীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দর ব্যবহার করে মাদক পাচার রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যাত্রীদের লাগেজ তল্লাশিতে বাড়তি সতর্কতা ও নজরদারি অব্যাহত রয়েছে।