এম. মনছুর আলম, চকরিয়া;

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মানিকপাড়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় একটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উন্নয়ন বরাদ্দ থেকে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাতামুহুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু।

এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুল হক, সংরক্ষিত নারী ইউপি সদস্য ইরান, যুবদল নেতা শামীম এবং ছাত্রদল সভাপতি ইব্রাহিম খলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে হেফাজতুর রহমান চৌধুরী টিপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত গ্রাম উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে সড়কটি নির্মাণ করা হচ্ছে। বর্তমান সরকার প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে টেকসই অবকাঠামো এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অন্যতম লক্ষ্য হচ্ছে গ্রামীণ সড়কগুলোকে চলাচল উপযোগী ও টেকসই করে তোলা।

তিনি আরও বলেন, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর নির্বাচনী এলাকায় যোগাযোগ ব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় পশ্চিম বড়ভেওলার মানিকপাড়ায় আরসিসি সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে।

তিনি জানান, সড়কটি নির্মিত হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ জনগণ এর সুফল ভোগ করবেন। জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করে নিরাপদ ও সহজ যোগাযোগ নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা সড়ক নির্মাণকাজের উদ্বোধনকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ উন্নত সড়ক যোগাযোগের অপেক্ষায় ছিলেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার সামগ্রিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।