এম. মনছুর আলম, চকরিয়া :

আগামী ১৩ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় দুই দশক পর তাঁর এই সফর ঘিরে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক তৎপরতা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর এ সফরে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। এর মধ্যে রয়েছে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন, দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নবগঠিত উপজেলা ও পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং চকরিয়ায় বিএনপির রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ প্রদান।

দলীয় সূত্রে জানা গেছে, চারদলীয় জোট সরকারের সময় দায়িত্বশীল অবস্থায় কক্সবাজার সফরের পর এবার দীর্ঘ বিরতিতে পুনরায় এ জেলায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটি হবে পর্যটন নগরী কক্সবাজারে তাঁর প্রথম সরকারি সফর।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সফরের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ১৩ জুন (শনিবার) সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টায় কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন।

এরপর দুপুর ১২টায় ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। সেখান থেকে তিনি জুলাই গণঅভ্যুত্থান-২৪ আন্দোলনে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত বিএনপির রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভা শেষে তিনি মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন। এরপর রাত ৮টায় লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন এবং রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো জেলায় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাঁকে একনজর দেখার জন্য জেলাবাসীর মধ্যে আগ্রহ ও অপেক্ষা লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ কর্মসূচির স্থানসমূহ পরিদর্শন করেছেন সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, সচিব ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সফর তদারকির অংশ হিসেবে আগামী ১২ জুন কক্সবাজার পৌঁছাবেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সরকারের একাধিক মন্ত্রী, সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

নবগঠিত মাতামুহুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু জানান, প্রশাসনিক অবকাঠামো উন্নয়ন ও জনসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট স্থানগুলো ইতোমধ্যে পরিদর্শন সম্পন্ন হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আ: মান্নান জানান, মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে এসব উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের পথে আরও অগ্রগতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।