জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দুই দিনব্যাপী সাক্ষাৎকার শেষে ৩৬ জনকে মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিন ধরে সাক্ষাৎকার গ্রহণ করেন। পরে মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করে।

মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও জমা পড়েছে প্রায় ৯০০টি আবেদন।