সিবিএন ডেস্ক ;
মিয়ানমারে চলমান সংঘাতের কারণে প্রায় এক বছর ধরে বন্ধ থাকা কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান স্থলবন্দর পরিদর্শন করেছেন।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদীসংলগ্ন স্থলবন্দরে পৌঁছে তিনি সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি ওয়্যারহাউসে পড়ে থাকা পণ্যসহ বন্দর এলাকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, স্থলবন্দর পুনরায় সচল করতে কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ব্যবসায়ী, বিজিবি, কোস্টগার্ড, সিঅ্যান্ডএফ এজেন্ট, কাস্টমস ও এনবিআরসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে জনগণের দাবির প্রেক্ষিতে বন্দর কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা বাণিজ্য কার্যক্রম অব্যাহত রাখতে চাই। বাংলাদেশ ও মিয়ানমার সরকারের সমন্বয়ের ভিত্তিতেই সীমান্ত বাণিজ্য পরিচালিত হবে এবং সে লক্ষ্যেই টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম আবার চালু করা হচ্ছে।”
টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মুহাম্মদ মানজারুল মান্নান জানান, বন্দর আনুষ্ঠানিকভাবে খোলা থাকলেও কিছু নিরাপত্তা ঘাটতি ছিল। তবে বর্তমানে পণ্য আমদানি-রপ্তানিতে বড় কোনো বাধা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বন্দর কার্যক্রম পুরোপুরি সচল করা হচ্ছে।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম এবং কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
