এম. মনছুর আলম, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সার্বিক সহায়তায় ফিল্মস ফর পিস ফাউন্ডেশন (F4P)-এর আয়োজনে এবং দ্য এশিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে তরুণ ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও অনিরাপদ অভিবাসন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার মোহনা মিলনায়তনের হলরুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর উপপরিচালক সৈয়দ শামসুল তাবরীজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের চেয়ারপারসন শীপা হাফিজা, বিএমইটির উপপরিচালক জোহরা মনসুর, সহকারী পরিচালক জান্নাতুল ফিরদাউস রূপা, দ্য এশিয়ান ফাউন্ডেশনের কমিউনিকেশন কর্মকর্তা ফারদিন রহমান, ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী এবং চকরিয়া প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এ এম ওমর আলী।
প্রধান অতিথি সৈয়দ শামসুল তাবরীজ বলেন, বিদেশে যাওয়ার আগে প্রত্যেক ব্যক্তিকে সচেতন হতে হবে। সামান্য ভুল সিদ্ধান্তের কারণে জীবনে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। বৈধ প্রক্রিয়া ছাড়া অন্য কোনো উপায়ে বিদেশ যাওয়ার চেষ্টা করলে চরম ঝুঁকির সম্মুখীন হতে হয়।
তিনি আরও বলেন, বিদেশে যেতে হলে অবশ্যই সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে হবে। কোনো সাব-এজেন্ট বা আত্মীয়ের মাধ্যমে বিদেশে যেতে চাইলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ভিসা ও অন্যান্য কাগজপত্র যাচাই করা অত্যন্ত জরুরি।
তিনি জোর দিয়ে বলেন, নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে প্রতারক ও দালাল থেকে সতর্ক থাকা একান্ত প্রয়োজন। বর্তমান সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, একজন মানুষ আশা ও স্বপ্ন নিয়ে বিদেশে যায়। অবৈধভাবে বিদেশ গমন করে যেন সেই স্বপ্ন ভেঙে না যায়, সে বিষয়ে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি।
