পেকুয়া প্রতিনিধি;

কক্সবাজারের পেকুয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক নারীসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ এবং একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পেকুয়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ চৌধুরী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— পেকুয়া সদর ইউনিয়নের বকসু চৌকিদারপাড়া এলাকার মো. আলমগীরের ছেলে মো. রমজান (৩১), বারবাকিয়া ইউনিয়নের পশ্চিম জালিয়াকাটা এলাকার নুরুন নবীর ছেলে সালাহ উদ্দিন (৩৮) এবং তার স্ত্রী জুবাইদা বেগম (৩৬)।

পুলিশ জানায়, প্রথমে পেকুয়া বাজারসংলগ্ন ফাঁশিয়াখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ধাওয়া করে রমজানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে রমজানের দেওয়া তথ্যের ভিত্তিতে বারবাকিয়া ইউনিয়নের পশ্চিম জালিয়াকাটা এলাকার সিরাজ মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সালাহ উদ্দিন ও তার স্ত্রী জুবাইদা বেগমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ১ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।”

উল্লেখ্য, কক্সবাজার জেলা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। সীমান্তবর্তী অবস্থানের কারণে এ অঞ্চলে মাদক প্রবেশ ও বিস্তারের প্রবণতা বেশি হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।