এম.মনছুর আলম,চকরিয়া :
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘লাল সবুজ পরিবহন’ এর একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল। বানিয়ারছড়া এলাকায় পৌঁছালে বাসটি একই লেনে থাকা একটি মোটরসাইকেল ও একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহী বন্ধুর মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।
সড়কদুর্ঘটনায় নিহতরা হলেন-ঢাকার উত্তরখান আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। আহত ব্যক্তিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে খবর দিলে চিরিংগা হাইওয়ে থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মহাসড়কের চিরিংগা হাইওয়ে পুলিশ পরিদর্শক (ওসি) মো: আরিফুল আমিন বলেন, সড়কে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই বাসচালক ও গাড়ির হেলপার পালিয়ে গেছেন। এই ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
