সিবিএন ডেস্ক:
ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এজন্য তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির ধানের শীষের প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “এই দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। বেহেশত-দোজখ সবকিছুর মালিক আল্লাহ। অথচ একটি দল ভোটের জন্য বেহেশতের টিকিট দিচ্ছে। নির্বাচনের আগেই মানুষকে ঠকানো হচ্ছে। এটা আমাদের মুসলমানদের শিরকের দিকে ঠেলে দিচ্ছে।”
জনসভায় বিপুল জনসমাগমের কথা উল্লেখ করে তিনি বলেন, “আজ লাখ লাখ মানুষ এখানে সমবেত হয়েছেন। এই পরিবেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে কয়েক হাজার মানুষ জীবন দিয়েছেন। বিগত ১৫ বছরে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, আমরা হারিয়েছি জুনাইদ ও দিনারকে। বিএনপির লাখ লাখ নেতাকর্মী খুন, মামলা ও হয়রানির শিকার হয়েছেন।”
তিনি অভিযোগ করেন, “ফ্যাসিস্ট আমলে উন্নয়নের নামে মানুষ শুধু লুটপাট দেখেছে। ২০০৫ সালে বন্যার সময় সুনামগঞ্জে আসতে ৫ ঘণ্টা সময় লাগত, এখন লাগে ১০ ঘণ্টা। এত সময় তো লন্ডন যেতেও লাগে না। তথাকথিত নির্বাচনের মাধ্যমে তারা শুধু ভোটের অধিকারই নয়, কথা বলার অধিকারও কেড়ে নিয়েছে।”
আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, “১২ ফেব্রুয়ারি ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে।”
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “কৃষক কার্ডের মাধ্যমে কৃষকের পাশে দাঁড়াব, ফ্যামিলি কার্ড দিয়ে দেশের প্রতিটি পরিবারের নারী-পুরুষকে স্বাবলম্বী করব। যারা বেকার, তাদের আর বেকার থাকতে দেব না—কর্মসংস্থান সৃষ্টি করে কাজে লাগাব।”
তিনি স্লোগান তুলে ধরেন, “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।” এরপর উপস্থিত জনতাকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
তারেক রহমান আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে শুরু হওয়া খাল খনন কর্মসূচি আবার চালু করা হবে। “এতে কৃষক উপকৃত হবেন, আবার ওপার থেকে পানি ছেড়ে দিলেও আমরা বন্যায় ভেসে যাব না।”
সবশেষে তিনি বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য দেশ—সবার আগে বাংলাদেশ।”
