সিবিএন ডেস্ক;
কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী একটি স্লিপার বাসে অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটির হেলপার শেখ রাতুল (২৩) গ্রেপ্তার হলেও অভিযানের সময় চালক নাজমুল পালিয়ে যান।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার একটি দল কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালায়। সে সময় ঢাকাগামী একটি স্লিপার বাস যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশ জানায়, সন্দেহের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালিয়ে ৪ ও ৫ নম্বর স্লিপার সিটের নিচের পাটাতনের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবার চালানটি জব্দ করে ঘটনাস্থল থেকেই বাসের হেলপার শেখ রাতুলকে আটক করা হয়।
গ্রেপ্তার শেখ রাতুল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেরশ্বর ইউনিয়নের বাসিন্দা শেখ সাইফুল ইসলামের ছেলে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ইয়াবার চালানটি কক্সবাজার থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে বাসে লুকিয়ে রাখা হয়েছিল।
শনিবার (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হেলপারের দেওয়া তথ্যের ভিত্তিতেই বাসের ভেতরে লুকিয়ে রাখা ইয়াবার চালানটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসচালক নাজমুল পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর গ্রেপ্তার হেলপারকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
