নিজস্ব প্রতিবেদক;

বাংলাদেশের হসপিটালিটি খাতে নতুন এক গৌরবের অধ্যায়ের সূচনা করেছেন রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর চিফ কনসিয়ার্জ সাইফুর রহমান জাবেদ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত কনসিয়ার্জ সংগঠন Les Clefs d’Or (দ্য গোল্ডেন কীস)-এর সদস্যপদ অর্জন করে তিনি বাংলাদেশের প্রথম প্রতিনিধি হিসেবে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করেছেন।

গত ১৫ থেকে ১৭ জুন ২০২৬ ভারতের উদয়পুরে অবস্থিত উদয়পুর ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত Les Clefs d’Or India-এর ১৯তম বার্ষিক সাধারণ সভা (AGM) ও ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। ১৬ জুন অনুষ্ঠিত আনুষ্ঠানিক পর্বে তার কোটে সংগঠনটির ঐতিহ্যবাহী ক্রস করা স্বর্ণের চাবি (Golden Keys)-এর পিন পরিয়ে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রদান করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের কনসিয়ার্জ পেশাজীবীদের উপস্থিতিতে তার এই অর্জন ব্যাপক প্রশংসা অর্জন করে।

বর্তমানে বাংলাদেশে Les Clefs d’Or-এর কোনো স্বতন্ত্র জাতীয় সেকশন নেই। দক্ষিণ এশিয়ায় সংগঠনটির সক্রিয় সেকশন ভারতের অধীনে পরিচালিত হয়। সেই Les Clefs d’Or India-এর মাধ্যমেই সদস্যপদ অর্জন করেন সাইফুর রহমান জাবেদ। ফলে বাংলাদেশের পক্ষ থেকে এই আন্তর্জাতিক নেটওয়ার্কে তার অন্তর্ভুক্তি বিশেষ তাৎপর্য বহন করছে।

বিশ্বের হোটেল শিল্পে ‘গোল্ডেন কীস’ কোনো সাধারণ পুরস্কার নয়; এটি অতিথি সেবায় অসাধারণ দক্ষতা, পেশাদারিত্ব, সততা ও উৎকর্ষতার আন্তর্জাতিক স্বীকৃতি। কেবল দীর্ঘদিনের অভিজ্ঞ, দক্ষ ও সেবায় অনন্য কনসিয়ার্জদের কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে এই সদস্যপদ প্রদান করা হয়। সদস্য হতে হলে স্বনামধন্য হোটেলে কাজের অভিজ্ঞতা, আন্তর্জাতিক মানের সেবাদানের দক্ষতা, বিদ্যমান সদস্যদের সুপারিশ এবং বহুমাত্রিক মূল্যায়ন প্রক্রিয়া সফলভাবে অতিক্রম করতে হয়।

সংগঠনটির সদস্যরা তাদের ইউনিফর্মে ক্রস করা স্বর্ণের চাবির ব্যাজ ধারণ করেন, যা বিশ্বব্যাপী প্রিমিয়াম অতিথি সেবা, বিশ্বাসযোগ্যতা এবং পেশাগত উৎকর্ষতার প্রতীক হিসেবে স্বীকৃত।

নিজের এই আন্তর্জাতিক স্বীকৃতিকে ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না সাইফুর রহমান জাবেদ। তিনি বলেন, কক্সবাজারসহ বাংলাদেশের হোটেল ও হসপিটালিটি খাতকে আন্তর্জাতিক মানে আরও এগিয়ে নিতে কাজ করার পরিকল্পনা রয়েছে তার। বিশ্বের সেরা অতিথি সেবার অভিজ্ঞতা দেশের পর্যটন শিল্পে কাজে লাগিয়ে দক্ষ জনবল তৈরি, সেবার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ সম্প্রসারণের মাধ্যমে দেশের আতিথেয়তা শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের পর্যটনের অন্যতম প্রাণকেন্দ্র কক্সবাজারে বিশ্বমানের অতিথি সেবা নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক পর্যটকদের আস্থা আরও বাড়বে। এ জন্য সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংশ্লিষ্টদের মতে, সাইফুর রহমান জাবেদের এই অর্জন বাংলাদেশের হোটেল ও পর্যটন শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের আতিথেয়তা সেবার মান আরও সুদৃঢ়ভাবে উপস্থাপিত হবে। একই সঙ্গে এটি দেশের তরুণ হসপিটালিটি পেশাজীবীদের বিশ্বমানের ক্যারিয়ার গড়তে অনুপ্রেরণা জোগাবে এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

ব্যক্তিগত জীবনে সাইফুর রহমান জাবেদের স্থায়ী বাড়ি মৌলভীবাজার জেলার কাঁঠালতলী এলাকায়। তিনি শ্রীমঙ্গলে শিক্ষাজীবন সম্পন্ন করেছেন। বর্তমানে পরিবারসহ শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ এলাকায় বসবাস করছেন। পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি চট্টগ্রামে অবস্থান করলেও নিয়মিত নিজ জেলা মৌলভীবাজারে যাতায়াত করেন।

বাংলাদেশের আতিথেয়তা শিল্পকে বিশ্বমঞ্চে নতুনভাবে পরিচিত করার ক্ষেত্রে এই অর্জন নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মাইলফলক। ব্যক্তিগত সাফল্যের গণ্ডি অতিক্রম করে এটি দেশের হোটেল ও পর্যটন শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পথকে আরও সুগম করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।