পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশা (টমটম)-এর ধাক্কায় মোহাম্মদ হোসেন (৫৩) ওরফে ‘পাগলা মাছন’ নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) রাত প্রায় ১০টার দিকে পেকুয়া পৌরসভার ভোলাইয়্যাঘোনা এলাকার কামাল চেয়ারম্যানের রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসেন ওই এলাকার মৃত নজির আহমদের ছেলে। স্থানীয়দের কাছে তিনি ‘পাগলা মাছন’ নামে পরিচিত ছিলেন। এছাড়া তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একজন নিবেদিত সমর্থক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ হোসেন পেকুয়া বাজারের একটি বেকারি থেকে নাস্তা কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা (টমটম) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে সড়কে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত টমটমটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
