জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই

বদরখালী ডিগ্রি কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় জলবায়ু পরিবর্তনবিষয়ক আলোচনা ও বৃক্ষরোপণ

প্রকাশ: ৩০ জুন, ২০২৬ ০৬:৩১

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


এম. মনছুর আলম, চকরিয়া:

সরকারের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগের আওতায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক কর্মসূচির অংশ হিসেবে নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালী ডিগ্রি কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কলেজ ক্যাম্পাসে একটি ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি জামিল ইব্রাহিম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, বদরখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী মোহাম্মদ কাজল, ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম শহিদসহ কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

জলবায়ু পরিবর্তনবিষয়ক আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছের চারা রোপণ এবং তার পরিচর্যায় উৎসাহিত করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ রক্ষা ও সবুজায়ন বৃদ্ধি সম্ভব। তাই প্রতিটি শিক্ষার্থীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নিতে হবে। এতে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।