নাছির উদ্দিন সোহেল:
কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ওবাইদুল হাসান শিহাদ নামক কলেজ ছাত্র নিহত হয়েছেন। ২৯ জুন সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি স্থানীয় জলিল সওদসগরের ছেলে এবং রামু কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ঘাতক বাস (কক্সবাজার-জ ১১-০৩৬৭) ও চালক আটক রয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উত্তর দিকুল কামারবাড়ি এলাকা থেকে নিজের ভ্যানগাড়ি চালিয়ে যাওয়ার সময় দ্রুতগতির কক্স ট্রাভেলসের একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ওবাইদুলের পিতা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে কামারবাড়ি থেকে আসার পথে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমার ছেলের মৃত্যুর ন্যায়বিচার চাই।
স্থানীয়রা বলেন, কক্সবাজারে অবৈধ ও বেপরোয়া যানবাহন চালকদের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। প্রতিনিয়ত কোনো না কোনো পরিবার তাদের প্রিয়জন হারাচ্ছে। এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনগণকে প্রতিবাদে সোচ্চার হতে হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।
সদর মডেল থানার ওসির শেখ মোহাম্মদ আলী নাদিম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হেফাজতে রয়েছে চালক। দুর্ঘটনার সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
