পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের হারুণ মাতবরপাড়া এলাকায় আবু তাহের (৭৫) হত্যার ঘটনায় অবশেষে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তিন দিন পর রোববার (২৮ জুন) রাতে নিহতের ছেলে মো. তারেক বাদী হয়ে পেকুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় একই এলাকার নুরুল হোসেনের ছেলে সিফাত (২৪), শাহ আলমের ছেলে বাহাদুর (৩০) এবং অজ্ঞাতপরিচয় আরও এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ছেলে মো. তারেক বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মগনামা ইউনিয়নের হারুণ মাতবরপাড়া এলাকায় পুত্রবধূর আর্তচিৎকার শুনে তাকে রক্ষা করতে এগিয়ে যান আবু তাহের। এ সময় দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
