জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শনিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল উপজেলার মিঠাপানির ছড়াস্থ মেরিন ড্রাইভ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশিতে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং চালককে আটক করা হয়।

আটক ব্যক্তি টেকনাফ উপজেলার বাসিন্দা মো. হারুন। তিনি মো. হাসিম মোল্লার ছেলে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”