এইচ. এম. জালাল উদ্দীন কাউছার, উখিয়া :

উৎসবমুখর পরিবেশে কক্সবাজারের উখিয়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১২১টি স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রে একযোগে এ কর্মসূচি পরিচালিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় শিশুদের পাশাপাশি রোহিঙ্গা আশ্রয়শিবিরে বসবাসরত শিশুদেরও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এবারের ক্যাম্পেইনে উখিয়া উপজেলায় মোট ৪৩ হাজার ৩৮৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৮ হাজার ৩৩৮ জন শিশু রয়েছে।

রোববার সকালে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহসান উল্লাহ সিকদার। এরপর উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং রোহিঙ্গা ক্যাম্পে একযোগে ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালিত হয়।

সরেজমিনে উখিয়ার হাজিরপাড়া, ফলিয়াপাড়া ও উখিয়া থানা ডিসপেনসারি কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই শিশুদের নিয়ে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, স্বেচ্ছাসেবক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আন্তরিকতার সঙ্গে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি অভিভাবকদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।

ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের (২ লাখ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহসান উল্লাহ সিকদার বলেন, “ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকলের সহযোগিতায় উখিয়ায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে।”

রুমখা চৌধুরীপাড়া কেন্দ্রের এক অভিভাবক জানান, বাড়ির কাছেই কেন্দ্র থাকায় সহজেই শিশুকে নিয়ে আসতে পেরেছেন। স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে কোনো ধরনের ভোগান্তি হয়নি।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্যাম্পেইন চলাকালে কোনো শিশুর মধ্যে উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের আন্তরিক পরিশ্রম এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উখিয়ায় এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে।