জসিম উদ্দিন টিপু, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে একটি পিকআপের তেলের ট্যাংকির ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় মাদক পাচারের অভিযোগে চালক ও হেলপারকে আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, রোববার (২৮ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল টেকনাফের কেরুনতলী সড়কে তল্লাশি কার্যক্রম জোরদার করে। অভিযানের একপর্যায়ে একটি সন্দেহভাজন মিনি পিকআপে তল্লাশি চালিয়ে তেলের ট্যাংকির ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
আটক ব্যক্তিরা হলেন, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মৃত এম. এ. সাত্তার মিয়ার ছেলে মো. হৃদয় এবং টেকনাফ উপজেলার মো. হোসনের ছেলে মনিরুল ইসলাম হৃদয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
