এম. মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি হ্রাস এবং স্বাভাবিক শারীরিক বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৪৩৫টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল ৮টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিসকাত উদ্দীন আহমদ, জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) ডা. মো. মামুন অর রশিদ চৌধুরী, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবদুল মোমেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) এস. এম. সাইফুল আলম, টেকনোলজিস্ট (ইপিআই) পলাশ সুশীলসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস কর্মসূচির আওতায় সারাদেশের ন্যায় চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৩৪টি অস্থায়ী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী কেন্দ্রসহ মোট ৪৩৫টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
তিনি জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
তিনি আরও জানান, চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় মোট ৯৯ হাজার ৯২৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
