সিবিএন ডেস্ক

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ দুটি মাছ ধরার নৌকা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে সেন্ট মার্টিন দ্বীপ থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে পৃথক দুটি অভিযানে এসব নৌকা জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে টহলরত নৌবাহিনীর একটি জাহাজ অভিযান পরিচালনা করে।

নৌবাহিনী জানায়, অভিযানকালে ‘এফবি ফাতেমা হোসনা’ নামের একটি ইঞ্জিনচালিত কাঠের মাছ ধরার নৌকা থেকে ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং ১০ জনকে আটক করা হয়। একই সময়ে ‘এফবি নিঝু রাব্বি’ নামের আরেকটি নৌকা থেকে ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট ও ১১ জনকে আটক করা হয়। জব্দ করা সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জব্দ করা দুটি নৌকা ও সিমেন্টও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।