এম. মনছুর আলম, চকরিয়া:
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের গতিশীল, সুসংগঠিত এবং ছাত্রদলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত মাতামুহুরী উপজেলা শাখার আওতাধীন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে বদরখালী কলোনাইজেশন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বদরখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউসুফ বদরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, সহ-সভাপতি আহসানুল কাদের চৌধুরী সাব্বির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, এম. আলী আকবর, আলী মোহাম্মদ কাজল, আমির হোসেন আমিন, মিনহাজ উদ্দিন মাছুম, ইমাম উদ্দিন মনির, মো. ফখর উদ্দিন, দিদারুল ইসলাম মজিদ এবং বদরখালী ইউনিয়ন যুবদলের সভাপতি শহীদুল ইসলাম শহীদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মীসভার উদ্বোধন করেন মাতামুহুরী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আলাউদ্দিন লিটন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু হানিফ মো. নোমান।
এছাড়া অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মীসভায় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা এবং ফ্যাসিবাদীদের অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীদের সর্বদা সোচ্চার থাকতে হবে। তারা বলেন, যে স্বৈরাচার দেশের হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছে, দেশের জনগণ তাদের এ দেশের মাটিতে আর স্থান দেবে না।
বক্তারা আরও বলেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশবিরোধী একটি চক্র নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপতৎপরতা প্রতিহত করতে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক ও সক্রিয় থাকতে হবে।
তারা বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে সরকারের গৃহীত জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ছাত্রদলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
বক্তারা আরও বলেন, ছাত্রদলের প্রতিটি কর্মীকে বিনয়ী, সুশিক্ষিত ও আদর্শবান হতে হবে। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে ছাত্রদলের। যারা দীর্ঘদিন স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন, দল তাদের যথাযথ মূল্যায়ন করবে।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এ বৃহৎ ছাত্রসংগঠনের কোনো নেতাকর্মী দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।
