রামু প্রতিনিধি :

কক্সবাজারের রামু উপজেলায় পানির বোতল ভেবে ভুলবশত এসিড পান করে মো. ওসমান (৬০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিহত ওসমান উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়বিল গ্রামের মৃত ইসলামের ছেলে। পেশায় দিনমজুর ওসমান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ বড় একটি পরিবারের দায়িত্ব পালন করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ জুন) রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন ওসমান। একপর্যায়ে তৃষ্ণা অনুভব করলে তিনি পাশে রাখা একটি বোতল থেকে পানি মনে করে পান করেন। পান করার কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে পরিবারের সদস্যরা বোতলটি পরীক্ষা করে দেখতে পান, তাতে পানি নয়, বরং এসিড ছিল।

পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে লড়াই করে গভীর রাতে তিনি মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আকস্মিক এ মৃত্যুতে স্বজনরা ভেঙে পড়েছেন।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জুয়েল চৌধুরী জানান, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। ভুক্তভোগী ব্যক্তি ভুলবশত পানির বোতল মনে করে সালফিউরিক এসিড পান করেছিলেন বলে জানা গেছে।

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।