নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার নুনিয়াছড়া শিল্প এলাকায় পরিবেশ অধিদপ্তরের একটি ভবনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের মামলায় জেল ফেরত মোঃ আলমের নেতৃত্বে ২৩ জুন আওয়ামী লীগের জন্মদিন উপলক্ষে কাটা হয়েছে কেক। ব্যাপক উৎসাহের সাথে মিছিল ও স্লোগান ধরেছে নেতাকর্মীরা। এই ভিডিও ফুটেজ নেট দুনিয়ায় বেশ প্রচার হয়েছে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, সিডব্লিউবিএমপি প্রকল্প থেকে ভবনটি নির্মাণ করা হয়। ভিলেজ কনজারভেশন গ্রুপের কার্যক্রম ওখান থেকে পরিচালিত হতো। ইতোমধ্যে প্রকল্পের কার্যক্রম শেষ হওয়ায় ভাবনটি দেখভাল করার সুযোগ আমাদের নাই।
তবু এক সময় যেহেতু পরিবেশ অধিদপ্তরের অধীনে ভবনটি পরিচালিত হতো, সেহেতু খোঁজখবর নেওয়া হবে।
তিনি বলেন, সরকারি ভবনে কারো অপরাধমূলক কাজ করার সুযোগ নাই। সেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কিভাবে পালন হলো, এতে কারা জড়িত, বিস্তারিত তথ্য নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে কিভাবে সরকারি অফিসের ভেতরে দলীয় কর্মসূচি পালিত হলো, তা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। এজন্য প্রশাসনকে দায়ী করছে এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা এডভোকেট মনির উদ্দিন মনির বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে কর্মসূচি পালন খুবই দুঃখজনক। প্রশাসনিক দুর্বলতার সুযোগ কাজে লাগাচ্ছে স্বৈরাচারের দোসররা। দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে অবস্থানকারীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান বলেন, সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত ও নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে নাশকতামূলক কর্মপরিকল্পনা নিচ্ছে আওয়ামী লীগ। আবদ্ধ রুমে মুখোশ পরে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি বলেন, এসব তৎপরতা মাঠে প্রভাব না ফেললেও এটি সরাসরি আইন বিরোধী কর্মকাণ্ড। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
কক্সবাজার স্বরাষ্ট্রমন্ত্রীর জেলা হিসেবে সারা দেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকুক, সেটি প্রত্যাশা করেন জেলা ছাত্রদলের সভাপতি।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান বলেন,
নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত ব্যক্তিদের সনাক্ত ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কক্সবাজারে পরিবেশ অধিদপ্তরের ভবনে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
