পদ দেওয়ার কথা বলে চট্টগ্রাম নগরীর চকবাজারে একটি হোটেলে ডেকে নিয়ে তরুণীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কেন্দ্রীয় নেতা ও নেত্রীর বিরুদ্ধে। অভিযোগ জানিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই তরুণী। ঘটনা তদন্তে এনসিপির পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছে।

ঘটনার বিস্তারিত তুলে ধরে শুক্রবার (১৯ জুন) ওই তরুণী চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেছেন।

এর আগে গত বুধবার চকবাজার থানায় তরুণী জিডিটি করেন বলে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান সৈকত।

জিডিতে উল্লেখ করা হয়, তরুণী চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামে এনসিপির সক্রিয় কর্মী।

যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দীন ও এনসিপির নারী শাখা জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া আফরিন।

সুজা উদ্দীন বান্দরবান থেকে পার্বত্য আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন। সাদিয়া আফরিন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসন থেকে এনসিপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

তাদের বিরুদ্ধে জিডিতে বলা হয়, গত ১৪ জুন সন্ধ্যা সাতটার দিকে অভিযুক্তরা ওই তরুণীকে চকবাজারের ‘পেনেনসুলা হোটেলে’র টপ ফ্লোরে এনসিপির কমিটি গঠনসংক্রান্ত আলোচনার কথা বলে ডেকে আনেন।

তিনি সেখানে পৌঁছামাত্র অভিযুক্তরা তাকে রাজনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ এবং আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখাতে শুরু করেন। একপর্যায়ে তারা তরুণীর সঙ্গে বিভিন্ন অশালীন অঙ্গভঙ্গি ও আচরণ প্রদর্শন করে শ্লীলতাহানির চেষ্টা করেন।

তরুণী ঘটনার প্রতিবাদ জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখান। ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে ভুক্তভোগী থানায় জিডির আবেদন করেন।

সুত্র: এশিয়াপোষ্ট